May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মেক্সিকোয় ডাবল ডেকার বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১০

ডেস্ক রিপোর্ট : মেক্সিকোর মধ্যাঞ্চলে ডাবল ডেকার বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১০ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার একটি মালবাহী ট্রেন সরাসরি ধাক্কা মারে একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাসে। ট্রেন পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, বাসটি চলন্ত ট্রেনের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। খবর রয়টার্সের

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রেলওয়ে সংস্থা কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি দে মেক্সিকো নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে। পাশাপাশি চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন সড়ক চিহ্ন এবং রেলক্রসিংয়ে দেওয়া থামার নির্দেশ মেনে চলেন।

বাসের মালিক প্রতিষ্ঠান হেরাদুরা দে প্লাতা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাসের সামনের অংশ ও ওপরের তলা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। লোহার কাঠামো মারাত্মকভাবে বেঁকে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে একটি শিল্পাঞ্চলে। মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার (৭১ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত আত্লাকোমুলকো শহর এবং পাশের মিচোয়াকান অঙ্গরাজ্যের মারাভাতিও শহরের মাঝের মহাসড়কে এই সংঘর্ষ হয়।

মেক্সিকোয় এ ধরনের সড়ক দুর্ঘটনা নতুন নয়। সরকারি তথ্য বলছে, শুধু ২০২৩ সালেই ফেডারেল মহাসড়কে প্রায় ১২ হাজার দুর্ঘটনায় ১,৮০০ জনের বেশি নিহত এবং ৬,৪০০ জন আহত হয়। এ বছরের ফেব্রুয়ারিতেই একটি বাস–ট্রাক সংঘর্ষে ৪০ জনের বেশি প্রাণ হারান।

Viewed 5400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!