বগুড়া আলোচিত রফিকুল ইসলাম হত্যা মামলায় ৪ নং আসামী বাসেত গ্রেফতার : র্যাব ১২ এর সাফল্য
শফিকুর রহমান প্লাবন , বগুড়া : বগুড়ায় আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ বাছেদ (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল। সোমবার দুপুরে মাটিডালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় , গত ৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাটিডালী বিমান মোড় সংলগ্ন জনৈক হানটুর ঢালাই ফ্যাক্টরির সামনে রাস্তায় রফিকুল ইসলামকে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত রফিকুল ইসলাম শাখারিয়া নামাবালা গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ ছিলেন।
এই ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৫ জনকে আসামী করা হয়। এর মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হলেও দীর্ঘদিন পলাতক ছিলেন চতুর্থ আসামী মোঃ বাছেদ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র্যাব-১২ এর একটি বিশেষ দল মাটিডালী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আসামী বাছেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাছেদ শাখারিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত জমশের আলীর ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাছেদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন আসামী পলাতক থাকায় নিহতের পরিবার ন্যায়বিচার নিয়ে শঙ্কিত ছিল। তবে প্রধান আসামীর একজনকে গ্রেফতারের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মাঝে।
Viewed 5250 times


