নূরের ওপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয় : দুদু
ডেস্ক রিপোর্ট : বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নূর ও লুৎফারের ওপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাগপার সভাপতি লুৎফর রহমানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তাদের ওপর হামলার সাথে যারা জড়িত তারা যত বড় ক্ষমতার অধিকারী হোক না তাদেরকে আইনের আওতায় আনা হোক।
দুদু বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে মানুষ মনে করেছিল দেশ স্বৈরাচারের পতন হয়েছে শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দেশ স্থিতিশীল হবে নিরাপদে বসবাস করতে পারবে, চলাফেরা করতে পারবে। কিন্তু এক বছরের ভিতরেই যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি তা মর্মান্তিক।
এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, ভালো নির্বাচন যাতে না হয়, সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল ক্ষমতায় না আসে, আমাদের নেতা তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন। নানামুখী ষড়যন্ত্র চলছে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপত্বিতে সমাবেশে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক এমপি জুতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ প্রমুখ।
Viewed 4100 times