বগুড়ায় খাদ্যবন্ধুব কর্মসূচির সরকারি ১৫৬ বস্তা চাল জব্দ
রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি বস্তা ব্যবহার করে মজুত রাখা ১শ’ ৫৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) পৌরসভাধীন সোন্দাবাড়ী রেল ঘুমটি সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। এসময় একটি চালের বস্তা শেলাই মেশিনও জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে গাবতলী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় পৌরসভার সোন্দাবাড়ী গ্রামের হাবিবুর রহমান আকন্দের বাড়ির নিচতলার গ্যারেজ থেকে ১শ’ ৫৬ বস্তা চাল জব্দ করা হয়। ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন নাড়ুয়ামালা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলাম। কয়েকদিন আগে থেকেই তিনি সেখানে চাল মজুত করে রেখেছিলেন বলে জানা যায়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রব্বানী, গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক, গাবতলী সদর খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল আলিমসহ থানার পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, “চালের মালিক উপস্থিত না থাকায় চাল ও বস্তা শেলাই মেশিন জব্দ করে থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Viewed 5900 times


