May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সংবাদ সম্মেলনে যা জানাল জামায়াত

ডেস্ক রিপোর্ট : ‘সিলেটে সাদাপাথর লুটের সঙ্গে জড়িত ৪২ জন’ দুদকের অনুসন্ধান- শিরোনামে গতকাল বুধবার দৈনিক সমকালে প্রকাশিত সংবাদ নিয়ে তোলপাড় চলছে। সংবাদে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নাম থাকায় তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সমকালের সংবাদ বিষয়ে বুধবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

আজ সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম পাথর লুটের সঙ্গে তাদের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। তিনি বলেন, দুদকের বরাত দিয়ে সমকাল ও পরে বিভিন্ন গণমাধ্যম কপি পেস্ট করে একটি সংবাদ প্রকাশ করেছে। পাথরের সঙ্গে জামায়াতকে জড়িয়ে চরিত্র হননের চেষ্টা চলছে। তার নাম ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদিনের নাম জড়িয়ে সাদাপাথর লুটে জড়ানো হয়েছে। যার সঙ্গে আমাদের ন্যূনতম সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, বৈধ পন্থায় পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসূচিতে বিভিন্ন দলের নেতার সঙ্গে জামায়াত নেতারাও বক্তব্য দেন। সেই বক্তব্য নিয়েও অপপ্রচার করা হয়। অথচ সেই বক্তব্যের সঙ্গে পাথর লুটের সম্পর্ক নেই।

মহানগর জামায়াতের আমির বলেন, ইতোমধ্যে জামায়াত পাথর লুটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামায়াত। দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, দুদকের এ ধরনের তালিকার কোনো সত্যতা আমরা পাইনি। একটি তালিকা আমরা পেয়েছি; তাতে সিল-ছাপ্পড় নেই। এটা উদ্দেশ্যপ্রণোদিত তালিকা। তিনি আশা প্রকাশ করেন, সঠিক তালিকা করবে সরকার, যাতে নিরীহ কোনা মানুষ হয়রানির শিকার না হন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির আব্দুল হাই হারুনসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

Viewed 7100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!