September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘আগুনি’ এক অনন্য নাট্য প্রযোজনা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের ইতিহাসে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান এক অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যের বিরুদ্ধে এবং ন্যায়ের দাবিতে দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছিল, যার মূল চালিকাশক্তি ছিল তরুণ প্রজন্ম। এই আন্দোলনের অর্ধশতাধিক সক্রিয় অংশগ্রহণকারী, যাদের অনেকেই শারীরিকভাবে আহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন– তাদের জীবনগাথা, সংগ্রাম আর পুনর্জাগরণের ঘটনা নাটকের মঞ্চে জীবন্ত হয়ে উঠেছে ‘আগুনি’তে। ‘আগুনি’ এক অনন্য নাট্য প্রযোজনা। বলা যায়, ‘আগুনি’ হচ্ছে মঞ্চে জুলাই আন্দোলনের আগুন ও মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার গল্প।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে তৈরি ‘আগুনি’  হচ্ছে মিউজিক্যাল পাপেট থিয়েটার, যার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তবে এটাকে শুধু নাটক বলা হয়নি, বলা হয়েছে আর্টথেরাপি, যা শিল্পের শক্তিকে ব্যবহার করে আহত মানুষের মানসিক ও সামাজিক পুনর্গঠনের উদ্যোগ। সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কাজী ফার্মস গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও টুগেদার উই ক্যান-এর যৌথ উদ্যোগে নাটকটির প্রদর্শনী হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে।

রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী মানুষের মুক্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাহসী আত্মত্যাগের কাহিনি। নওশাবা এই কাহিনিকে এখনকার প্রেক্ষাপটে রূপান্তরিত করেছেন, যেখানে প্রতীকী ভাষায় উঠে এসেছে বাংলাদেশের বিভিন্ন আন্দোলন আর সংগ্রামের চিত্র– কৃষক আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং সর্বশেষ জুলাই আন্দোলন পর্যন্ত।

‘আগুনি’-তে পাপেট থিয়েটারের পাশাপাশি অভিনেতাদের অভিনয়, গান, নাচ এবং রূপক দৃশ্যায়নের অসাধারণ সমন্বয় ঘটানো হয়েছে। মঞ্চে ব্যবহৃত লাইট, সাউন্ড আর পাপেটের নড়াচড়া দর্শকদের এক মুহূর্তে কল্পনার জগতে নিয়ে যায়, আবার পরমুহূর্তে ফিরিয়ে আনে আন্দোলনের তীব্র বাস্তবতায়। পাপেটের মাধ্যমে যেমন বীরত্ব আর সংগ্রামের ঘটনা উপস্থাপন করা হয়েছে, তেমনি অভিনেতারা তুলে ধরেছেন হতাশা, বেদনা আর আশার গল্প।

এই নাটকের দৈর্ঘ্য প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট। তবে অদ্ভুতভাবে এই পুরো সময় নাটকের দৃশ্য ও আবহমানতার পরিবর্তন দর্শকদের মনোযোগ ধরে রাখে। পাপেট আর অভিনেতাদের মেলবন্ধন, প্রতীকী কস্টিউম ডিজাইন এবং গতিময় মঞ্চব্যবস্থা- সবই প্রযোজনার শিল্পমানকে সমৃদ্ধ করেছে। যাকে বলা যেতে পারে মঞ্চে শিল্প ও বাস্তবতার অদ্ভুত মিশেল।

‘আগুনি’ শুধুমাত্র জুলাই আন্দোলনের কাহিনি বলা যাবে না। এটা বাঙালির লড়াই করে টিকে থাকার দৃঢ় মনোভাবের প্রতি গভীর শ্রদ্ধা। নাটকে নারীর শক্তি, পরিবেশ সচেতনতা, সামাজিক ন্যায়বিচার এবং সাংস্কৃতিক ঐক্যের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আগুন এখানে ধ্বংসের প্রতীক নয়, বরং আত্মশক্তি, পুনর্জন্ম আর পরিবর্তনের প্রতীক হিসেবে এসেছে।

নওশাবার মতে, ‘শিল্প ও সংস্কৃতির শক্তিই পারে সমাজে ঐক্য আনতে। জুলাই মানেই ছিল ঐক্য, আর সেই চেতনাই আমরা মঞ্চে তুলে ধরতে চেয়েছি।’ নওশাবার এই কথা ‘আগুনি’ নাটকের প্রতিটি দৃশ্য, সংলাপ এবং গানে প্রতিফলিত হয়েছে।

‘আগুনি’ নাটকের প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলে তাদের আবেগপূর্ণ প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে নাটক দেখার পর মন্তব্য করেছেন, ‘আগুনি’ কেবল সাংস্কৃতিক অভিজ্ঞতা নয়, বরং আত্মপর্যালোচনা এবং সামাজিক দায়বদ্ধতার অনুপ্রেরণা। বিশেষত যারা জুলাই আন্দোলনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাদের কাছে নাটকটি একধরনের সম্মিলিত স্মৃতিচারণ এবং নতুন করে বাঁচার প্রচেষ্টা বলে মনে হয়েছে।

‘আগুনি’ নাটক দেখে মনে হয়েছে এই নাটক যেন এটা প্রমাণ করতে চেয়েছে যে, থিয়েটার কেবল বিনোদন বা নিছক শিল্পচর্চা নয়, আমরা যেটাকে ‘শিল্পের জন্য শিল্প’ বা ‘আর্ট ফর আর্ট সেক’ বলি, থিয়েটার কেবল তা নয়, থিয়েটার হতে পারে মানসিক পুনর্গঠন, সামাজিক সংলাপ এবং ঐক্যের শক্তিশালী হাতিয়ার। আহত, অসহায়, হতাশ মানুষের হাতে যখন শিল্পের আলো প্রজ্জ্বলিত হয়ে ওঠে, তখন সেই আলো ছড়িয়ে পড়ে সমাজের সবখানে।

জুলাই আন্দোলনের যোদ্ধারা মঞ্চে এসে যখন পাপেটের সঙ্গে নিজেদের গল্প বলেন, তখন তা হয়ে ওঠে ইতিহাস, স্মৃতি আর স্বপ্নের এক অনন্য সংমিশ্রণ। নওশাবা আহমেদের নেতৃত্বে ‘আগুনি’ নাটকের সীমানা ছাড়িয়ে গেছে– এটা হয়ে উঠেছে এক সামাজিক আন্দোলন, যেখানে আগুন মানে ধ্বংস নয়, আগুন মানে আত্মমুক্তি ও পুনর্জাগরণের আলো।

Viewed 6750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!