August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

খুলনায় শেখ হাসিনাসহ আ’লীগের ৬ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৬ নেতার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশ। সোমবার খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।

তথ্যটি নিশ্চিত করেছেন খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম সমকালকে জানান, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায়- হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল।

পরে কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গত ৪ আগস্ট মামলার অনুমতি পায় কেএমপি। সোমবার এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় ৬ জনের নাম উল্লেখসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

Viewed 7650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!