May 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাঙ্গু নদী থেকে উদ্ধার চট্টগ্রামে ট্রলারডুবিতে নিখোঁজ জেলের লাশ

ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ ফারুক (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। তিনি নোয়াখালী জেলার সুধারাম উপজেলার নুরুন্নবী মিয়ার ছেলে।

আজ রোববার সকাল ৭টার দিকে আনোয়ারা উপজেলার উপজেলার পূর্ব গহিরার ফকিরহাট বাজারের সাঙ্গু নদীর তীর এলাকায় তার লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে তিন জেলের লাশ উদ্ধার করা হলো। এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছে।

তবে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড সাঙ্গু স্টেশন, আউটপোস্ট নরম্যান্স এবং স্টেশন পতেঙ্গা উচ্চগতির উদ্ধারকারী বোট ও সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে টানা অনুসন্ধান চলমান রয়েছে বলে জানান কোস্টগার্ড।

কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার খলিলুর রহমান জানান, ফকিরহাট এলাকায় সাঙ্গু নদের তীরে নিখোঁজ লাশ ভাসতে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিখোঁজদের পরিবারকে জানানো হলে নিহত ফারুক ছেলে এসে তার লাশ শনাক্ত করেন। পরে নৌ-পুলিশকে লাশ হস্তান্তর করা হয়।

বার আউলিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ কায়সার হামিদ জানান, জেলে নিহত ফারুকের লাশ আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। বেলা ১২টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি জাহাজের ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে উঠে বেঁচে ফেরেন ১১ জন। বাকি ৮ জন নিখোঁজ থাকেন।

Viewed 5050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!