প্রসাধনী ও হাইজিন পণ্যের প্রদর্শনী আইসিসিবিতে
ডেস্ক রিপোর্ট : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের প্রদর্শনী। রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৮ ও ৯ আগস্ট ‘কসমেটিকা : পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’ নামের এই প্রদর্শনী চলবে। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এতে প্রবেশের সুযোগ পাবে। প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্চার পণ্য নিয়ে এত বড় আয়োজন দেশে এটাই প্রথম।
বাংলাদেশ ছাড়াও দুই দিনের এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বেশ কিছু দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী ও খুচরা বিক্রেতা। বিদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। বিটিটিসির গবেষণা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের প্রসাধনী ও হাইজিন বাজারের আকার ৩৪ হাজার কোটি টাকার বেশি।
আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন সুলতানা প্রিয়াংকা বলেন, ‘দেশে প্রথমবারের মতো কসমেটিকস ও পার্সোনাল হাইজিন পণ্য নিয়ে এমন আয়োজন থেকে আমরা চেষ্টা করছি এই খাতের সব ধরনের স্টেকহোল্ডারকে একত্রে করার। সঠিক ব্যবহার, দেশি-বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানসহ নানা দিক এই প্রদর্শনীতে উঠে আসবে।’
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
Viewed 11000 times