August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ওভালে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

ডেস্ক রিপোর্ট : হ্যারি ব্রুক ও জো রুটের সেঞ্চুরিতে সহজ জয়ের পথেই ছিল ইংল্যান্ড। চা বিরতির সময় ৬ উইকেটে ৫৭ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু রুট-ব্রুক আউট হতেই আচমকা ঘুরে যায় ম্যাচের গতিপথ। এতে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে ভারত। বৃষ্টিতে একটু আগেভাগে চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার সময় ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান, হাতে ৪ উইকেট। এর মধ্যে কাঁধে চোট পাওয়ায় ক্রিস ওকস সম্ভবত ব্যাট করতে পারবেন না। তাই আজ শেষ দিনে ওভালে রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

৩৭৪ রান তাড়া করতে নেমে রুট ও ব্রুকের সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ৩৩৯ রান করেছে ইংল্যান্ড। তবে ১১১ রানের দারুণ ইনিংস খেলা ব্রুক আউট হতে পারতেন ১৯ রানেই। প্রসিধ কৃষ্ণার শর্ট বলে পুল করেছিলেন মারমুখী মেজাজে থাকা এ ব্যাটার। ঠিকমতো টাইমিং না হওয়ায় বল চলে যায় লং-লেগ সীমানার ওপর দাঁড়ানো সিরাজের হাতে। বলটা মুঠোবন্দি করলেও শরীরের ভারসাম্য রাখতে পারেননি তিনি। তাঁর ডান পা বাউন্ডারি দড়ি ছুঁয়ে ফেলে। যেটা আউট হওয়ার কথা ছিল, সেটা হয়ে যায় ছয়! হতাশায় মুখ ঢেকে ফেলেন বোলার প্রসিধ ও ফিল্ডার সিরাজ।

এভাবে পাওয়া সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেন ব্রুক। এরপর রীতিমতো টি২০ খেলতে শুরু করেন। ২টি ছয় ও ৪টি চারে ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন। আর সেঞ্চুরিতে পৌঁছে যান ৯১ বলে। ১১১ রান করে তিনি যখন আকাশদীপের বলে ক্যাচ দিয়ে ফিরছেন, তখন স্বস্তি ফিরেছে স্বাগতিক শিবিরে। চতুর্থ উইকেটে ব্রুক-রুটের ১৯৫ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। আলাদা করে বলতে হবে রুটের কথাও। ব্রুক যখন মারমুখী ব্যাটিং করছিলেন, অভিজ্ঞতার ঋদ্ধ এ ব্যাটার তখন দেখেশুনে খেলতে থাকেন। তিনি হাফ সেঞ্চুরি করেন ৮১ বলে। ব্রুক আউট হওয়ার পর দায়িত্ব কাঁধে নেন রুট। এর মধ্যে তরুণ ব্যাটার জ্যাকব বেথেল পরিস্থিতির চাপে বোল্ড হয়ে যান। ৩৯তম সেঞ্চুরি করে আউট হয়ে যান রুট। তিনি আউট হতেই ভারতীয়রা ঘিরে ধরে স্বাগতিকদের। তবে আলোক স্বল্পতায় খেলা বন্ধের সময় স্মিথ ও ওভারটন আর কোনো উইকেট দেননি।

দিনের শুরুতে অবশ্য ভারতের দাপট ছিল। আগের দিনের অপরাজিত বেন ডাকেটের সঙ্গে যোগ দিয়ে ওলি পোপ প্রথম আধঘণ্টা উইকেট দেননি। তবে ভারতের পেসার সিরাজ ও আকাশদীপ তাদের স্বচ্ছন্দে রান করতে দেননি। প্রসিধ কৃষ্ণা বোলিংয়ে আসার পরই তাঁকে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দেন হাফ সেঞ্চুরি করা ডাকেট। এরপর সিরাজের বলে ওলি পোপ এলবির ফাঁদে পড়লে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ভারতীয়রা। কিন্তু হ্যারি ব্রুক মারমুখী ব্যাটিংয়ে সব উলটপালট করে দেন।

Viewed 5000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!