সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ, ভাইরাল নারী সিনেটর
ডেস্ক রিপোর্ট : সন্তানের বয়স মাত্র কয়েক মাস। মা ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। তাই সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত সিনেটর করিন মুলহল্যান্ড। ভাষণ চলাকালে কোলে থাকা ছোট্ট ছেলেটিও সুর করে কথা বলার চেষ্টা করে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
করিনের বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার প্রতিটি মা-বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, আমার সন্তান এখানে কোনো প্রতীক হিসেবে নয় বরং এটি একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি, তারই প্রতিফলন আমার সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা, কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক।
তিনি বলেন, মা-বাবারা কেবল তত্ত্বগতভাবে নয়, বাস্তব জীবনেও এই সংসদীয় চেম্বারে থাকার অধিকার রাখে। শিশু লালন-পালনের সংগ্রাম, দায়িত্ববোধ ও তার মাঝেই থাকা এক ধরণের ‘টান’ ও মাতৃত্বের বিশালত্বসহ সব অভিজ্ঞতা কাজে লাগে।
ভাষণে মুলহল্যান্ড প্রতিশ্রুতি দেন, তিনি কর্মজীবী পরিবারগুলোর জীবনকে কিছুটা হলেও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, আমি চাই পরিবারগুলো যেন কখন, কোথায় এবং কীভাবে তারা কাজ করবে সে বিষয়ে বাস্তব ও কার্যকর পছন্দ এবং নমনীয়তা পায়।
সবশেষে, মা ও ছেলে দুজনেই ভাষণটি নির্বিঘ্নে শেষ করতে সক্ষম হন, যদিও ভাষণের শেষভাগে করিন মুলহল্যান্ডের কাছ থেকে সংসদের অন্য সদস্যরা ওই শিশুটিকে কোলে তুলে নিয়ে আদর করেন।
Viewed 8750 times