August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে সেই নাছির

ডেস্ক রিপোর্টঃ বিভিন্ন মামলায় টানা ২৬ বছরের কারাভোগ। এরপর জামিনে পান মুক্তি। এর মধ্যে বয়স ৬০ ছুঁই ছুঁই। তবে, দমে যাননি তিনি। মুক্তির ১১ মাস পর বিয়ের পিঁড়িতে বসলেন ৬০ বছর বয়সী নাছির উদ্দিন চৌধুরী। গত বৃহস্পতিবার কুলসুমা বেগমকে বিয়ে করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নাছিরের বিয়ের বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে।

 

সদ্য বিয়ে করা নাছিরের বিরুদ্ধে জোড়া খুন, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনের মামলা ছিল ৩৬টি। একে একে খালাস পান ৩১টিতে। দুটিতে সাজা হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায়। আছে আর তিনটি মামলা। এর মধ্যে দুটি মামলায় আগে থেকে জামিনে ছিলেন। শেষ মামলায় গত বছরের ১১ আগস্ট জামিন হওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

 

র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত নাছির একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শিবির নাছির নামেই তাকে চিনতো সবাই।

 

কারা সূত্র জানায়, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে ছিলেন নাছির। দীর্ঘ ২৬ বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা বিচারাধীন।

 

নাছিরের বড় বোন লিলি আক্তার গণমাধ্যমে জানান, হাটহাজারীর ছিপাতলী গ্রামের কুলসুমা বেগমের সঙ্গে তার ভাইয়ের বিয়ে হয়েছে। এতে ১৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। মেয়েপক্ষ থেকে তারা কোনো যৌতুক নেননি। এখন তার ভাই সংসারী হয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে চান।

 

আদালত সূত্র জানায়, সর্বশেষ ২০১৭ সালের ৪ অক্টোবর নাছিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় রায় হয়। এতে তাঁর পাঁচ বছরের সাজা হয়েছিল। এর আগে ২০০৮ সালে অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয়। ২০১৫ সালের ২৪ মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় খালাস পান নাছির।

 

১৯৯৪ সালের ২০ নভেম্বর জমিরকে গুলি করে হত্যা করা হয়। নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি ও হাটহাজারীর তিন খুনের মামলায় খালাস পান নাছির।

 

নাছিরের আইনজীবী মনজুর আহমেদ আনসারীর দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করতে নাছিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাই খালাস পেয়েছেন তিনি।

 

নাছির বলেন, ‘বিবাহিত জীবনে যাতে সুখী হতে পারি সে দোয়া করেন। ব্যবসা করে সংসার চালিয়ে সুন্দর জীবন যাপন করতে চায়।

 

 

এদিকে, নাছির কখনোই শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না বলে দাবি করেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের (উত্তর) সভাপতি তানজীর হোসেন। তিনি বলেন, লোকজনের মুখে মুখে নাছিরের নামের সঙ্গে শিবির কথাটি জুড়ে যায়। তিনি হয়তো শিবিরের ভালো কাজকে সমর্থন করতেন। কিন্তু তিনি কখনো শিবিরের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না।

Viewed 8150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!