জুলাই শহীদদের স্মরণে সরকারি শাহ সুলতান কলেজে ছাত্র ইউনিয়ন এর মোমবাতি প্রজ্জ্বলন
প্রেস বিজ্ঞপ্তিঃ সরকারি শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থী শহীদ সাকিল হাসান, শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, ছাত্র ইউনিয়ন নেতা মাহমুদুল হাসান রিজভী সহ জুলাই ২০২৪ এর সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সন্ধ্যা ৭ টায় কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি শাহ্ সুলতান কলেজ সংসদ।
শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন সরকারি শাহ সুলতান কলেজের সভাপতি সুজয় কুমার পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত এর সঞ্চালনায় আলোচনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সাবেক সাধারণ সম্পাদক সোহানুর সোহান, সাবেক সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, শাহ সুলতান কলেজের সহ-সভাপতি মেহেদী হাসান রনী, সাংগঠনিক সম্পাদক লিমন পারভেজ প্রমুখ।
আলোচনা থেকে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে নতুন নতুন মাস্টারমাইন্ডের জন্ম হচ্ছে। প্রধান উপদেষ্টাও বিদেশের মাটিতে একজনকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আমর বলতে চাই গণঅভ্যুত্থানে যদি প্রকৃতপক্ষে কোনো মাস্টারমাইন্ড থাকে তাহলে সেই মাস্টার মাইন্ড শহীদ সাকিল হাসান, আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, রেজভী, ৬ বছরের শিশু রিয়া গোপ, ৬০ বছরের বৃদ্ধা মায়া ইসলাম সহ গণঅভ্যুত্থানে নিহত ১৪০০ এর অধিক শহীদ। স্বৈরাচার সরকারের সন্ত্রাস বাহিণি ও পেটুয়া সামরিক বাহিনীর নৃশংসতায় মৃত্যুবরণকারী এসব শহীদের মৃত্যুতে এদেশের ছাত্র-জনতা গর্জে উঠেছিলো, স্বৈরাচারের পতন তরান্বিত করেছিল।”
গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার নিশ্চিত না হওয়াতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচার ও সংস্কারের আলাপ সরকারের মুখের ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের যথাযথ বিচার নিশ্চিত করা গেলে, সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার সুযোগ পেতো না। অন্যদিকে ‘লোকদেখানো’ সংস্কারের নামে সরকার প্রতিনিয়ত নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। দেশে ধর্ষণ, মব সন্ত্রাস, খুন, চাঁদাবাজি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। জনগণের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে গণবিরোধী স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে।
বক্তারা আলোচনা সভা থেকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের দৃশ্যমান বিচার শুরু;
ধর্ষণ, মব সন্ত্রাস, খুন, চাঁদাবাজির মতো নিত্যনৈমিত্তিক ঘটনা নির্মূল করতে না পারা এবং জনগণের ন্যূনতম নিরাপত্তা না দিতে পারায় ব্যর্থতার দায় নিয়ে গণবিরোধী স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানান।
একইসাথে বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দুইজনকে হত্যাকারী সৈকত হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খাগড়াছড়িতে ঘটে যাওয়া কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
সভার শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদ ও ছাত্র অধিকার আদায়ের লড়াইয়ে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Viewed 18750 times


