August 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ  ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে খারাপ আবহাওয়ার কারণে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গিয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

 

নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামি পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

ভিয়েতনামি সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ওয়ান্ডার সিজ’ নামের ওই জাহাজটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। আকস্মিক ঝড়ের কবলে পড়ে এটি ডুবে যায়।

 

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আকাশ কালো হয়ে আসে। এরপর শুরু হয়, শিলাবৃষ্টি ও বজ্রপাত।

 

ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসকে একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৪ বছর বয়সি একটি ছেলে চার ঘণ্টা উল্টানো নৌকার ভেতরে এয়ার পকেটে আটকে ছিল। পরবর্তীতে তাকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় হাসপাতালের পরিচালক লে নগক ডাং জানিয়েছেন, ১০ বছর বয়সি একটি ছেলেকেও উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে বাই চাই হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভিএনএক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে।

Viewed 11150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!