নেপালতলীতে ভূমি অফিস নির্মাণের দাবিতে বিক্ষোভ-মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
উপজেলা প্রতিনিধি,গাবতলী, বগুড়াঃ
বগুড়ার গাবতলী উপজেলার ৫নং নেপালতলী ইউনিয়নের নির্ধারিত ভূমি অফিস ভবন অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
নেপালতলী ইউনিয়নের শত শত মানুষ বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়ো হন। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজা বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন নেপালতলী ইউনিয়ন ভূমি অফিস বাস্তবায়ন ও স্থাপন আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম, গাবতলী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদুল ইসলাম সোহেল, শ্রমিক দলের সভাপতি আলম আকন্দ, মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য মুঞ্জু মিয়া, বাদশা মিয়া, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, সদস্যা সাহিদা খাতুন ও শাপলা খাতুন।
এছাড়া বক্তব্য রাখেন নেপালতলী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দিলবর হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন আকন্দ, বিএনপি নেতা আরাফাত হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল দন্ডল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আব্দুল হান্নান, সাবেক সভাপতি আইয়ুব হোসেন, জিনিউল হাসান বাবু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদুর রহমান মুঞ্জু, ছাত্রদলের আহ্বায়ক তুষার ইসলাম ও সদস্য সচিব বুলবুল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ‘শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্ব)’ প্রকল্পের আওতায় নেপালতলী ইউনিয়নে ভূমি অফিস নির্মাণের জন্য ইতোমধ্যে জায়গা নির্ধারণ ও মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অথচ একটি কুচক্রী মহল এটি স্থানান্তর করে কদমতলীতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা বলেন, ভূমি অফিসটি নেপালতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সরকারি জমিতেই নির্মাণ করতে হবে, নচেত ১১টি গ্রামের সাধারণ মানুষ মারাত্মক দুর্ভোগে পড়বেন।
Viewed 6100 times


