September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

তিন দশক পর একক মঞ্চে বাপ্পা মজুমদার: গাইবেন ভিন্ন আঙ্গিকে

ডেস্ক রিপোর্টঃ

তিন দশকের সংগীত জীবনে হাতেগোনা কয়েকটি একক কনসার্টে গাইতে দেখা গেছে বাপ্পা মজুমদারকে। নিয়মিত কনসার্টে পাওয়া গেলেও একক শোয়ে তাকে খুব একটা পাওয়া যায় না।  শনিবার ( ১২ জুলাই)  একটি একক কনসার্টে অংশ নেবেন এ শিল্পী।

তিনি জানান, ‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক একটি কনসার্টে গাইবেন তিনি। সঙ্গে থাকবেন তার ব্যান্ড দলছুটের সদস্যরা। বাপ্পা মজুমদার বলেন, ‘যে কোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি এ ধরনের একক শো আরও অনেক বেশি হওয়া উচিত। কারণ, বছরজুড়ে আমরা যে ধরনের প্রোগ্রাম করি, তা তো আমরা যাই, একটা আয়োজন হয়, গান গেয়ে চলে আসি। কিন্তু একক শোতে যা হয় একজন শিল্পী তার পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন এবং পুরো আয়োজনটিই হয় সেই শিল্পীকে ঘিরে।’

জানা যায়, এই আয়োজনে শ্রোতাপ্রিয় বিভিন্ন গান ভিন্ন আঙ্গিকে পরিবেশন করবেন বাপ্পা। ভেন্যু রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার। ইতোমধ্যে গেটসেট রক ওয়েবসাইটে এই একক শোয়ের টিকিট পাওয়া যাচ্ছে। কনসার্ট শুরু হবে রাত ৮টায়।

এদিকে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন গান ‘আগামীকাল’। এ ছাড়াও রয়েছে আন্তর্জাতিক সফরের ব্যস্ততা। সব ঠিক থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে যুক্তরাষ্ট্র মাতাবেন তিনি। নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ সেখানকার ১০টির বেশি শহরে পারফর্ম করবেন এই শিল্পী।

Viewed 12450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!