August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যা বললেন ট্রাম্প

প্রকাশিতঃ২৪’শে জুন ২০২৫ ইং 

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ দেওয়া এক পোস্টে তিনি ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান।

 

ট্রাম্প জানান, ইরান হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করেছিল, যার ফলে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি লেখেন, ‘আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই, হামলা সম্পর্কে আমাদের আগে থেকেই অবহিত করার জন্য, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হননি। হয়তো এখন ইরান এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পথে এগোবে, আর আমি ইসরায়েলকেও একই পথে চলার উৎসাহ দেব।’

 

উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তারই জবাবে সোমবার কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে ট্রাম্প দাবি করেছেন, ইরানের এই পাল্টা হামলা ছিল দুর্বল এবং প্রত্যাশিত।

তিনি আরও লেখেন, ‘পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের পর ইরান আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা ১৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এর মধ্যে ১৩টি ভূপাতিত করা হয়েছে, আর একটি ইচ্ছাকৃতভাবে ‘ছেড়ে’ দেওয়া হয়েছিল, কারণ সেটি কোনো হুমকি তৈরি করেনি।’

 

‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, কোনো মার্কিন নাগরিক ক্ষতিগ্রস্ত হয়নি এবং ক্ষয়ক্ষতিও ছিল খুব সামান্য। আশা করছি, এবার ঘৃণার অবসান ঘটবে’, পোস্টে বলেন ট্রাম্প।

Viewed 7500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!