July 15, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

টেকনাফ-উখিয়ায় চার অভিযানে অস্ত্র, ৩৬ হাজারের বেশি ইয়াবা ও ২১ লাখ টাকার বেশি নগদ উদ্ধারঃআটক ৬

নজরুল ইসলাম খোকন,টেকনাফ,কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় র‌্যাব-১৫, বিজিবি এবং এপিবিএনের পৃথক চারটি অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩৬ হাজার ১৮৩ পিস ইয়াবা এবং ২১ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে।

এপিবিএন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বশির আহামদ (৩২) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৬৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান) জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিজিবি সদস্যরা নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আমান উল্লাহ (২০) ও আরোহী নাজিম উদ্দিন (২০)-কে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন।

এদিকে, টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় র‌্যাব-১৫-এর সিপিসি-১ পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে একটি মোটরসাইকেল থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আজিজ খান (২৩) ও নুরুল আমিন (৩৪)-কে আটক করা হয়।

একই দিনে উখিয়ার বড়বিল এলাকায় ৩৪ বিজিবির পৃথক অভিযানে অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (২৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১৮ পিস বার্মিজ ইয়াবা, ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, একটি অটোরিকশা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Viewed 350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!