চট্টগ্রামে ২৪ হাজার ইয়াবাসহ টেকনাফের স্বামী-স্ত্রী আটক,সঙ্গে ছিল ৮ মাসের শিশু
নজরুল ইসলাম খোকন,টেকনাফ,কক্সবাজার,প্রতিনিধিঃ চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফ উপজেলার এক দম্পতিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আট মাস বয়সী একটি শিশুকেও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস ও তার স্ত্রী রুবি আক্তার।
জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
Viewed 750 times


