July 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মায়ানমার থেকে ফেরার পথে ১২ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার, উখিয়ায় দুই চোরাকারবারি আটক

নজরুল ইসলাম খোকন,টেকনাফ,কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে Border Guard Bangladesh (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।

রোববার (১২ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, দুপুর ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় পূর্ব ফারির বিলের গুইল্লাখালী এলাকায় দুই ব্যক্তিকে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে টহল দল তাদের থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিতে তাদের কাছ থেকে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেন, তারা বাংলাদেশ থেকে সার ও ভোজ্যতেল মায়ানমারে পাচার করে সেই বিক্রির অর্থ নিয়ে দেশে ফিরছিলেন। তবে বিস্তারিত তল্লাশিতে তাদের কাছ থেকে অন্য কোনো অবৈধ পণ্য উদ্ধার হয়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও নেটওয়ার্ককে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

Viewed 1450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!