July 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

নজরুল ইসলাম খোকন টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া সীমান্তে পৃথক দুটি অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীর থেকে মালিকবিহীন অবস্থায় একটি হস্তচালিত কাঠের নৌকাসহ ১০ বস্তা সার জব্দ করা হয়।

এর মাত্র ১০ মিনিট পর, রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে আরও একটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় চোরাকারবারি বাংলাদেশ থেকে নাফ নদীপথে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সার দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি গোপন স্থানে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় দমদমিয়া বিওপির বিশেষ আভিযানিক দল ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় আরও একটি হস্তচালিত কাঠের নৌকাসহ ২৩ বস্তা সার জব্দ করা হয়।

পৃথক দুটি অভিযানে সর্বমোট ৩৩ বস্তা সার এবং দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Viewed 400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!