June 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিতঃনাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত একটি খুনি রাষ্ট্র, বিএসএফ একটি খুনি বাহিনী। সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত।

 

এছাড়াও সীমান্ত হত্যা ও কথিত পুশ-ইনের ঘটনায় সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

 

বুধবার (৩ জুন) দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হলে তা আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে; কিন্তু রাতের আঁধারে সীমান্তে মানুষ রেখে যাওয়া গ্রহণযোগ্য নয়।

 

বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ-ইন মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত হত্যা, মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত-সংক্রান্ত ইস্যুতে অতীতে কঠোর অবস্থান নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

 

সীমান্তে অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে তারা সেখানে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, পৌঁছার আগেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা হলে স্থানীয়দের দ্রুত বিজিবি ও পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) থেকে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে বুধবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সরিয়ে নিয়েছে।

 

সীমান্ত পরিদর্শনের সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewed 450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!