March 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার সেচ দিতে গিয়ে আর ফেরা হলো না লতিফ আকন্দেরঃজমিতে মিলল মরদেহ

রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া:  বগুড়ার গাবতলীতে নিজের শ্যালো মেশিন ঘরের পাশ থেকে আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল লতিফ আকন্দ ওই এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, লতিফ আকন্দ সালমারা বিলের চরে নিজের জমিতে সেচ দেওয়ার জন্য একটি শ্যালো মেশিন ঘর তৈরি করেছিলেন। চাষাবাদের সুবিধার্থে তিনি প্রায়ই রাতে ওই ঘরেই অবস্থান করতেন। শনিবার রাতেও তিনি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ওই ঘরে যান। রবিবার সকালে স্থানীয় লোকজন তাঁর নিথর দেহ শ্যালো ঘরের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

 

নিহতের ভাতিজা সোহেল জানান, “সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি চাচার নিথর দেহ ধানের ক্ষেতের ভেতরে পড়ে আছে। মরদেহটি উলঙ্গ অবস্থায় ছিল এবং পাশের সেচ ঘরটি ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। ঘর দেখে মনে হচ্ছে রাতে সেখানে ধস্তাধস্তি হয়েছে। আমাদের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে ফেলে রেখে গেছে।”

 

ঘটনার খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে।

 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কেন এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।”

 

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Viewed 2650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!