March 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

ডেস্ক রিপোর্টঃ শরীয়তপুরে গণঅভ্যুত্থানে শহীদদের মর্যাদায় প্রতিষ্ঠিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) রাতে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলছেন, যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততদিন এভাবেই সন্ত্রাসী কার্যক্রম চালাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের অনুসারীরা।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। শরীয়তপুর শহরের শহীদ মিনারের ঠিক পাশেই স্মৃতিস্তম্ভটি বসানো হয়। কংক্রিটের তৈরি গাঁথুনির ওপর লোহার মজবুত কাঠামোর স্মৃতিস্তম্ভটিতে শহীদদের নাম খোদাই করা ছিল। শুক্রবার রাত থেকেই স্মৃতিস্তম্ভটিতে অগ্নিসংযোগ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে স্থানীয়, প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের।

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসীন মাদবরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে বলে জানা গেছে। ১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভটিতে অগ্নিসংযোগ করছেন। পরে আগুন জ্বলতে দেখা যায়। এরপর তারা দৌঁড়ে চলে যান।

 

সরেজমিন দেখা যায়, স্মৃতিস্তম্ভটির ৪ স্থানে আগুন দেওয়ার চিহ্ন রয়েছে।

 

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, আওয়ামী লীগকে এ দেশ থেকে উৎখাত করা হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে তাদের দেশ থেকে তাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাই তারা শুধু স্তম্ভতে অগ্নিসংযোগ না, আরও অনেক কিছু করবে। আমরা চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

 

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, আমরা ইতোমধ্যে খবর পেয়েছি। তবে, এটি মনে হয় না আজকে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!