March 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কার প্রয়োজন হলেও তা যেন সংস্থার মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে—সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত ডব্লিউটিওর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ‘ডব্লিউটিও রিফরম: ফান্ডামেন্টাল ইস্যুস’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।

 

শুক্রবার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিওর মূল লক্ষ্য হলো বাণিজ্যের মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়নকে উৎসাহিত করা। বৈষম্যহীনতা, অন্তর্ভুক্তি এবং ঐকমত্যভিত্তিক নিয়মের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা এ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

তিনি উল্লেখ করেন, সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন), শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা (ডিএফকিউএফ) এবং বিশেষ ও পার্থক্যমূলক সুবিধা (এস এন্ড ডি টি) বিশ্ব বাণিজ্যে সমতা ও অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হয়েছে।

 

আব্দুল মুক্তাদির বলেন, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং কোভিড-১৯ মহামারি ছাড়া গত তিন দশকে উন্নত দেশগুলোর মধ্যম আয় ধারাবাহিকভাবে বেড়েছে, যা বর্তমান বাণিজ্য ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করে।

 

তবে তিনি সতর্ক করে বলেন, সংস্কারের নামে দীর্ঘদিনে গড়ে ওঠা কাঠামো নষ্ট করা উচিত নয়, কারণ বিশ্বের অধিকাংশ অর্থনীতি এ নিয়মভিত্তিক ব্যবস্থার ওপর নির্ভরশীল।

 

বাণিজ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, ডব্লিউটিও সংস্কার প্রক্রিয়া এমনভাবে পরিচালনা করতে হবে যাতে সংস্থার অখণ্ডতা বজায় থাকে, পূর্বের অর্জন অক্ষুণ্ণ থাকে এবং সব সদস্য দেশের জন্য অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী ফল নিশ্চিত হয়।

 

উল্লেখ্য, ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। প্রতিনিধিদলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

Viewed 1100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!