March 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ওসমান হাদি হত্যায় মূল আসামি মাসুদ ও আলমগীর ভারতে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গতকাল শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

রোববার ( ৮ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

 

গ্রেপ্তার দুইজন হলেন- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের ঢাকায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছে এসটিএফ।

 

পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ করে ওই দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নিয়ে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন। পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

এসটিএফ সূত্রো খবর, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের স্থানীয় আদালতে তুলে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন।

Viewed 1000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!