May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিএনপি প্রচারণায় বাঁধা ও হুমকি দিচ্ছেঃঅভিযোগ করলেন মান্না

স্টাফ রিপোর্টারঃ বিএনপির কর্মী ও সমর্থকরা কেটলি মার্কার প্রচারণায় বাঁধা ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক ও বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 

মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরথেকে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। ঋণ খেলাপী থেকে শুরু করে সবকিছুই বিএনপি মনোনীত প্রার্থী করেছেন। বগুড়ায় প্রার্থীতা যাচাই-বাছাই কালে মব তৈরি করে প্রার্থীতা বাতিল করা হয়। অথচ একই কাগজপত্রে ঢাকা-১৮ আসনে প্রার্থীতা বৈধ হয়েছে। তাহলে বুঝুন এখানে কি করা হয়েছে। আগষ্টে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে শিবগঞ্জ মামলা বানিজ্য করা হয়েছে। যারাই আমার হয়ে কাজ করেছে তাদের হুমকি ও মামলায় জড়ানো হয়েছে।

 

সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, বিএনপির প্রার্থী (মীর শাহে আলম) এসব করাচ্ছে। শুরুতে বিএনপির সাথে সমঝোতার বিষয় ছিল। তারা আমাকে এই আসনে প্রার্থী ঘোষণাও করেছিল। কিন্তু তারা আবার আরেকজনকে (মীর শাহে আলম) নমিনেশন দিল। প্রত্যাহারের কথা থাকলেও তারা তা করেনি। এখন সেই প্রার্থীর লোকজনই আমার প্রচারণায় বাঁধা দিচ্ছে। মহিলারা প্রচারে বের হলে তাদের হুমকি দিচ্ছে। তারা ভয়ে প্রচারণায় বের হচ্ছে না।

 

এমন অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ডের নির্বাচনে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্টু নির্বাচনের আশা করি। এই অবস্থা দেখে এখনি কিছু বলা যাবে না। তবে অবশ্যই প্রশাসনকে এবিষয়ে নজর দিতে হবে।

 

তিনি আরও বলেন, নির্বাচনের শুরু থেকে বিএনপির এই প্রার্থী (মীর শাহে আলম) তাকে ঋণ খেলাপী বানানোর চেষ্টা করেছেন। আমি জেলে ছিলাম ২ বছর। তারপর ব্যবসা প্রতিষ্ঠানে যিনি ছিলেন, তিনি আমাকে আসতে দেননি। তারপর আড়াই কোটি টাকা জমা দেয়ার কথা ছিল, কিন্তু ঋণের ২ কোটি টাকা ব্যাংকে জমা দেয়ায় তারা খুশি হয়েছে। সেসময় ঋণ আবার রিসিডিউল প্রক্রিয়া চলছিল।

 

অথচ বগুড়ায় ওই ব্যাংকের শাখা থেকে আমাকে নোটিশ জারী করে ঋণ খেলাপী দেখানো হয়। সেই খবর হেড অফিসে পৌছালে, তৎক্ষনাৎ বগুড়ার এই শাখার ম্যানেজারকে শাস্তি দেয়া হয় এবং তাকে স্ট্যান্ড রিলিজ দেয়া হয় বলেও জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে এসময় মাহমুদুর রহমান মান্নার ভাই মুশফিকুর রহমান আন্না, নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা কমিটির সমন্বয়ক রা‌জিয়া সুলতানা ইভা, সদস্য মশিউর রহমান পিয়াল, নাগরিক পার্টি শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এনামুল হক সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Viewed 4800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!