আরডিএতে জলবায়ু সহনশীল মৌচাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় রবিবার (১৬ নভেম্বর) “বাংলাদেশে জলবায়ু সহনশীল মৌমাছি পালন, মৌ-পণ্য উৎপাদন ও ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন আরডিএ’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্যা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, দেশের বার্ষিক মধু উৎপাদন ২০–২৫ হাজার মেট্রিক টনের বেশি হলেও সঠিক ব্যবস্থাপনা, রাণী মৌমাছির ব্রিডিং সেন্টার স্থাপন, আধুনিক বাক্স ব্যবহার এবং কীটনাশক নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন কয়েকগুণ বাড়ানো সম্ভব। জলবায়ু পরিবর্তন, ফুলের স্বল্পতা এবং ইনব্রিডিংয়ের কারণে মৌমাছির আয়ুষ্কাল ও উৎপাদনশীলতা কমে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাসা ফাউন্ডেশন, ঢাকা এবং ড. মোঃ আতাউর রহমান, পরিচালক (গবেষণা), বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। তাঁরা বলেন, মৌমাছি পরাগায়নের মাধ্যমে নানা ফসলে গড়ে ২০–৩০ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি পায়, যা খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় “North Bengal Honey Community Enterprise” এবং দেশের প্রথম “মধুর হাট” প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরবঙ্গকে সম্ভাবনাময় মধু উৎপাদন অঞ্চল হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, ব্র্যান্ডিং, প্রক্রিয়াজাতকরণ, ফুডগ্রেড কন্টেইনার এবং মাননিয়ন্ত্রণ ল্যাব স্থাপন করলে দেশের মধু আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করতে পারবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আরডিএ’র পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ মিজানুর রহমান এবং উত্তরবঙ্গ মৌচাষী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার মৌচাষি, গবেষক ও উদ্যোক্তারা।
Viewed 5800 times


