বগুড়া ধুনটে আদালতের নোটিশ দিতে গিয়ে গ্রাম পুলিশ মারপিটের শিকার
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার ধুনটে উচ্চ আদালতের জারিকৃত মামলার নোটিশ দিতে গিয়ে মারপিটের শিকার হয়েছে, আতিকুর রহমান গ্রাম পুলিশ। তিনি কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর কদলাপাড়া গ্রামের মৃত আবু কালামের ছেলে ও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহল্লাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেউটনগর খাজার মোড় এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম রহমানের দায়ের করা এনজিআর ৫৩/২০২৫ (ধুনট) মামলার নোটিশ জারী করে উচ্চ আদালত। মামলার বিবাদী হেউটনগর কদলাপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে রাশেদ রানা ও রাসেল আহম্মদ।
গ্রাম পুলিশ আতিকুর রহমান মামলার নোটিশটি বাদী শামীম রহমানের বাড়িতে নিয়ে যান। বাড়িতে না থাকায় নোটিশটি তার বাবা আব্দুল মজিদকে দিতে চাইলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে নিয়ম অনুযায়ী আতিকুর রহমান বাড়ির দেয়ালে নোটিশটি টাঙিয়ে ছবি তোলেন। এ সময় আব্দুল মজিদ, জামিলা বেগম ও বিউটি খাতুন একযোগে তাকে আকস্মিকভাবে মারপিট করে এবং তার পোশাক ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন আতিকুরকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন জানান, বিষয়টি অবগত আছি। ভুক্তভোগী আইনি সহায়তার জন্য থানায় গেছেন।ধুনট থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে।
Viewed 5300 times


