September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের তিনে তিন

স্পোর্টস ডেস্কঃ শুরুর দুই সেট জয়ের পর ছন্দ হারায় বাংলাদেশ। সে সুযোগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই সেট জিতে সমতায় ফেরে শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ সেটে তুমুল লড়াইয়ের দেখা মেলে। এক পর্যায়ে ১১-১১ পয়েন্টে সমতা। এরপর নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে টানা চার পয়েন্ট তুলে নিলেন হরসিত-রাতুলরা। তাতে কাভা কাপ ভলিবলে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ।

 

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার (২৪ অক্টোবর) রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ।

 

মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে এই প্রতিযোগিতায় শুভসূচনা করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর নেপালের বিপক্ষে জিতেছিল ৩-২ সেটে।

 

শুরুর দুই সেট যথাক্রমে ২৫-২০, ২৫-২১ ব্যবধানে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে একপেশে লড়াইয়ে ২৫-১৫ পয়েন্টে জিতে ম্যাচে ফিরে শ্রীলঙ্কা। চতুর্থ সেটে জমজমাট লড়াইয়ের পর ২৫-২২ পয়েন্টে জিতে সমতায় ফিরে তারা। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে।

 

সেখানেও শুরু থেকে জমে ওঠে লড়াই। ৯-৯, ১০-১০, ১১-১১ সমতায় এগোতে থাকে ম্যাচ। এরপরই নিজেদের সেরাটা মেলে ধরে বাংলাদেশ। টানা চার পয়েন্ট তুলে নিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে দল।

 

নিজেদের চতুর্থ ম্যাচে রোববার বাংলাদেশ মুখোমুখি হবে টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তুর্কমেনিস্তানের।

Viewed 5750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!