সাইফের মতো সৌম্যও ফিরলেন আফসোস নিয়েই
ডেস্ক রিপোর্টঃ
দারুণ শুরুর পর সঙ্গী সাইফ হাসান সেঞ্চুরি পাননি, আফসোসকে সঙ্গী করে বিদায় নিয়েছিলেন। এরপর সৌম্য সরকারও একই পথ ধরলেন। আউটও হলেন একই ঢঙে। সঙ্গীও হলো সেই একই আফসোস, সেঞ্চুরি হলো না তারও।
সাইফ যেমন শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিলেন, সৌম্য আবার ছিলেন তার ঠিক উল্টো। শুরুর ৭ বলে রানই নিতে পারেননি।
রস্টন চেজের বলে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক আর প্রথম স্লিপের মাঝ দিয়ে বেরিয়ে যায় বল, সৌম্যর ব্যাট থেকে আসে প্রথম রান। সেই যে শুরু, এরপর আর পেছন ফিরে তাকাননি সৌম্য। ৫ চার আর দুটো ছক্কা হাঁকিয়ে তিনি ৪৮ বল খেলেই পেয়ে যান ১৪তম ওয়ানডে ফিফটি।
২ বছর পর ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়ে যাবেন বলে মনে হচ্ছিল। সাইফ হাসানের সেঞ্চুরি মিসের পর খানিকটা খোলসে ঢুকে ঢুকে গিয়েছিলেন। ৬ বল থেকে একটি রানও নেননি।
শেষমেশ সে চাপটা সরাতে ছক্কা মারতে গিয়েছিলেন। আকিল হোসেইনের ঝুলিয়ে দেওয়া বলটা মারতে গিয়ে ক্যাচ দেন লং অনে। আকিম আগুস্তের হাতে ধরা পড়ে ৯১ রানে শেষ হয় সৌম্যর যাত্রা। ৫ রানের মাথায় ২ উইকেট খুইয়ে বাংলাদেশ পড়ে যায় খানিকটা বিপাকে।
Viewed 5700 times