May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে—এমন খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক নগদ অর্থ লেনদেনে জনগণকে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

 

বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ আহ্বান জানায়।

 

এতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

 

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর।

 

এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে নিম্নরূপ বিষয়াদি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে।

 

জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা-

 

১. নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন – যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।

 

২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।

 

৩. নগদ লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।

 

৪. সন্দেহজনক নোট পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

 

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই মূলমন্ত্রে সকলকে সচেতন থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানতে ভিজিট করুন [বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট](https://www.bb.org.bd/en/index.php/currency/note)। প্রতিটি ব্যাংক শাখায়ও এই সংক্রান্ত পোস্টার ও এক্স-ব্যানার টানানো।

Viewed 4250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!