September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে সেই ১৫ ক্লাবও

ডেস্ক রিপোর্ট : বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা জমে উঠছে ক্রমেই। বোর্ডের আসন্ন নির্বাচন থেকে অনিয়মের অভিযোগে ১৫টি ক্লাব ভোটাধিকার হারায়। তবে এবার হাইকোর্টের সেই রুলের ওপর স্থগিতাদেশ এসেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত থেকে। যার ফলে সেই ১৫ ক্লাব ভোটাধিকার ফেরত পেয়ে গেছে।  ভোটাধিকার হারানো সেই ১৫ ক্লাবের একটি ছিল নাখালপাড়া ক্রিকেটার্স। ক্লাবটির প্রতিনিধি ছিলেন বিসিবির বর্তমান কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। তার আপিলের প্রেক্ষিতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

৩০ সেপ্টেম্বর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে অভিযোগ করেন যে, ১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাই রাখে না। তিনি সেখানে রিট দায়ের করেন। হাইকোর্ট তার রিট আমলে নেয়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ আসে তাতে।

তবে এবার চেম্বার জজ আদালত হাইকোর্টের সেই নির্দেশনা বাতিল করে দিয়েছে। যার ফলে নির্বাচনে অংশ নিতে পারবে সেই ১৫ ক্লাব।

এই ১৫টি ক্লাবের কাউন্সিলরদের মধ্যে স্রেফ ইফতেখার রহমান মিঠু পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন। তবে হাইকোর্টের রুল জারি হওয়ার পরই তার নাম চূড়ান্ত প্রার্থীদের তালিকা থেকে বাদ পড়ে যায়। তবে সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালতের নতুন এই রায়ের পর ইফতেখার তার প্রার্থিতা ফিরে পাবেন কি না, তা নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

Viewed 5400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!