May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

টঙ্গীতে অগ্নিকাণ্ডের পর বন্ধ শতাধিক রাসায়নিক দোকান

ডেস্ক রিপোর্ট : টঙ্গীর সাহারা মার্কেটে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ রয়েছে টঙ্গীর রাসায়নিক মার্কেটখ্যাত সমবায় কমপ্লেক্স। আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত শতাধিক রাসায়নিক দোকানের পাইকারি এই মার্কেট ঘিরে এখন চলছে জল্পনা-কল্পনা। কোনো দুর্ঘটনা হলে আবাসিক বাসিন্দারা কতটুকু নিরাপদ থাকতে পারবেন তা নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানা যায়।

অনুসন্ধানে জানা গেছে, টঙ্গী স্টেশন রোডে অবস্থিত সমবায় কমপ্লেক্স মার্কেট। আবাসিক এলাকার সঙ্গেই তিন তলা বিশিষ্ট এই ভবনে শতাধিক রাসায়নিক দোকান রয়েছে। এখানে বিক্ষিপ্তভাবে থাকা রাসায়নিক গুদাম থেকে এই মার্কেটে রাসায়নিক আসে। এ সব দোকান থেকে পাইকারি দরে বিক্রি হচ্ছে রাসায়নিক। দোকানগুলোর একাধিক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো দোকানেই অভিজ্ঞ কর্মচারী বা কর্মকর্তা নেই। কোনো রাসায়নিক কিভাবে বহন বা সরবরাহ করতে হয়, সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তাদের।

একাধিক সূত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীতে বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে এক গাড়িভর্তি কয়েক টন রাসায়নিক আসে ফেমাস কেমিক্যালের গুদামে, যা নামানোর আগেই বৃষ্টিতে ভিজে যায় গাড়িতে থাকা রাসায়নিক।

জানা গেছে, টঙ্গীর সাহারা মার্কেটের ফেমাস কেমিক্যালে বিস্ফোরণের পর থেকে সমবায় কমপ্লেক্স মার্কেট বন্ধ রয়েছে। তবে কৌশলে রাসায়নিক দোকানের ক্ষতিকর দাহ্য পদার্থ সরিয়ে ফেলা হচ্ছে। এই সরানোর কাজ শেষ হলে মার্কেটটি খোলা হবে।

টঙ্গী সমবায় কমপ্লেক্স কেমিক্যাল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আল মদিনা কেমিক্যালের মালিক জলিলুর রহমান যুগান্তরকে বলেন, পার্শ্ববর্তী ফেমাস কেমিক্যালে দুর্ঘটনার কারণে শোক প্রকাশ করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে মার্কেট বন্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কেমিক্যাল ব্যবসায়ী যুগান্তরকে জানান, বেশিরভাগ ক্ষেত্রে অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে। গত সোমবার বৃষ্টির মধ্যে ফেমাস কেমিক্যালের এক গাড়ি হাইড্রোস ও  সালফার আসে। বৃষ্টির মধ্যে এ সব জিনিস পানিতে ভিজে যায়। এই কারণেই বিস্ফোরণ কিনা, তা বিশেজ্ঞরা বলতে পারবেন।

ঘটনার দিন রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, গুদামটিতে সোডিয়াম বাই কার্বোনেট, স্ট্রোন, সোডা, ব্লিসিং পাউডার, মেটা হাইড্রোসহ এমন গুরুত্বপূর্ণ কিছু কেমিক্যাল ছিল। এসব কেমিক্যাল যেভাবে রাখা প্রয়োজন অর্থাৎ হাউস কিপিং করা ছিল না। আমরা মালিকপক্ষ বা ভাড়াটিয়া যারা রয়েছে তাদের খুঁজছি, তাদের পেলে আমরা ভেতরের সব কেমিক্যাল সম্পর্কে তথ্য পেতাম।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) সাড়ে তিনটায় টঙ্গী বিসিকের পাশে সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে করে। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৪ জন ও স্থানীয় একজনসহ ৫ জন অগ্নিদ্বগ্ধসহ ৮ জন আহত হয়। এদের মধ্যে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু হয়।

এছাড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাঈমের ৪২ শতাংশ, নুরুল হুদার ১০০ শতাংশ,  জয় হাসানের  ৫ শতাংশ ও দোকান কর্মচারী বাবু হাওলাদারের ৮০ শতাংশ শরীর পুড়ে গেছে।

আহত হয়ে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম (৪২), পথচারী আশিক (১৭) ও গোডাউন কর্মচারী লিটন (৪০)।

Viewed 4250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!