প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে এটিইও’র ফলাফল প্রকাশ
ডেস্ক রিপোর্ট : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার–এটিইও’ (১০ম গ্রেড)–এর প্রাথমিক (এমসিকিউ) বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল অনুযায়ী মোট ১ হাজার ৬১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ‘কৃতকার্য প্রার্থীদের বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে-৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের কোনো উল্লেখযোগ্য (substantive) ঘাটতি পাওয়া গেলে লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র অর্থাৎ BPSC Form 5A ( Applicant’s Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় হাতে হাতে জমা দিতে হবে।
এদিকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তোলেন অনেক আবেদনকারী। এর প্রতিবাদে পরীক্ষা বাতিল এবং পুনঃপরীক্ষার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদে ১৯০% কমন সাজেশন” দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মতিউর রহমান নামের একজনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি গ্রেপ্তার করে।’ পরীক্ষা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে Zahid Khan (All Exam Helper) নামের একটি ফেসবুক পেজ থেকে পরীক্ষার আগের রাত ২টা ৬ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়, যা প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়। বিষয়টি ছড়িয়ে পড়লে, ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম বিভাগ এক অভিযানে স্বাধীন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে।
একই দিনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা পরীক্ষা বাতিল না হলে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।
Viewed 4700 times