‘রুমের দরজা ও ফোন বন্ধ করে ঘুমাও’–পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমারের মন্ত্র
ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপ সুপার ফোরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। দুবাইয়ে রোববারের এই ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব যেন একেবারেই অন্য সুরে কথা বললেন। প্রতিপক্ষ পাকিস্তানের নাম একবারও উচ্চারণ করেননি তিনি। বরং দলের খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়েই বেশি জোর দিলেন।
সূর্যকুমার জানান, বড় ম্যাচের চাপ সামলাতে তার মন্ত্র হলো বাইরের সব শব্দ থেকে নিজেকে দূরে রাখা। তার ভাষায়, ‘রুম বন্ধ করো, ফোন বন্ধ করো, ঘুমাও। এটাই সবচেয়ে ভালো। সহজ শোনালেও বাস্তবে কঠিন। অনেক বন্ধুরা যোগাযোগ করে, বাইরে খেতে যাওয়ার আমন্ত্রণ থাকে, আবার চারপাশে সবাই এসব বিষয় নিয়ে কথা বলে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে তুমি কী শুনতে চাইছো আর কী মানসিকতায় থাকতে চাইছো।’
ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে সবসময় বাড়তি উত্তেজনা থাকে। এবারও ব্যতিক্রম নয়। বিশেষ করে কাশ্মীরের পেহেলগেম সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করে ম্যাচ বয়কটের দাবিও ওঠে। তবে এসব প্রসঙ্গ এড়িয়ে সূর্যকুমার হালকা মেজাজেই বললেন,‘আমি মাঠে নামলে শুধু দর্শকদের ভরা গ্যালারি দেখি। তখন আমি ছেলেদের বলি, ‘চলো ভাই, এন্টারটেইনমেন্টের সময় এসেছে। এতগুলো মানুষ এসেছে, সবাইকে বিনোদন দিতে হবে। চলো ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলি। আমরা এত কিছু আসলে ভাবি না। তিন ম্যাচ খেলেছি কেবল, তিন ম্যাচই জেতায় একই রকম মজা পেয়েছি।’
গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজে হারালেও এবারও একই ফল হবে তা মনে করছেন না ভারতীয় অধিনায়ক। তিনি সতর্ক করে দেন, ‘এটা আমাদের কোনো বাড়তি সুবিধা দিচ্ছে না। আবার নতুনভাবে শুরু করতে হবে। প্রতিটি ম্যাচই আলাদা।’
ভারত-পাকিস্তান ম্যাচে আগের মত উত্তাপ নেই। দুই দলের মধ্যে হওয়া শেষ পাঁচটি ম্যাচ জিতেছে ভারত। অথচ একসময় ভারত–পাকিস্তান মুখোমুখি হওয়া মানে মাঠেও থাকত তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ। পাকিস্তানকে হারিয়ে কি এখন আর আগের মত আনন্দ পাওয়া যায়? উত্তরে শুরুতে একটু মজাই করেছেন ভারতের অধিনায়ক সূর্য, ‘ওই সময় তো আমি খেলিনি, তাই বলতে পারব না।’
ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে বাইরের উত্তেজনা তুঙ্গে হলেও সূর্যকুমার যাদব চান, তার দল শুধু মাঠের ভেতরেই সীমাবদ্ধ থাকুক। বাইরের চাপ থেকে মুক্ত থেকে খেলাটাই যেন উপভোগ করে, সেটাই তার মূল বার্তা।
Viewed 4900 times
