১৭ নারীকে বিয়ে করা সেই বন কর্মকর্তা এখন রংপুরে
ডেস্ক রিপোর্ট : ১৭ নারীকে বিয়ের অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এদিকে বরিশাল বন বিভাগের দায়িত্বভার গ্রহণ করেছেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা।
বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ই-মেইল পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন কিংবা সম্পত্তি দেওয়ার আশ্বাসে প্রতারণার মাধ্যমে ১৪ থেকে ১৭ নারীকে বিয়ে করেছেন কবির হোসেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারীরা ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
ঢাকার নাজনীন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার এবং খুলনার নাসরিন আক্তার দোলনসহ একাধিক নারী অভিযোগ করেন, তিনি তাদের সঙ্গে বিয়ের প্রলোভনে প্রতারণা করেছেন।
অন্যদিকে এ ঘটনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল আদালতে মামলা করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।
আদালত এ মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
মামলার বাদী জানান, চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা কবির হোসেন কর্মজীবনে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে অন্তত ১৭টি বিয়ে করেছেন। এতে মুসলিম ফ্যামিলি আইনের ১৯৬১ সালের ৬ ধারার স্পষ্ট লঙ্ঘন হয়েছে।
মামলার বাদী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানিয়েছেন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে ১৭টি বিয়ে ও বিয়ের নামে প্রতারণা করেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন।
আইনজীবী আরও জানিয়েছেন, মো. কবির হোসেন পাটোয়ারী প্রতিটি বিয়ের বিষয়ে মুসলিম ফ্যামিলি আইনের ১৯৬১ এর ৬ ধারার বিধান লঙ্ঘন করে অধ্যাদেশ ৬(৫) এর (খ) ধারার অপরাধ সংঘটিত করেছেন।
এছাড়া প্রথম বিয়ের পর তা গোপন রেখে এক এক করে ১৭টি বিয়ে ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি এবং আমাদের সমাজব্যবস্থাকে চ্যালেঞ্জ করে গুরুতর অপরাধ সংগঠিত করেছেন। গণমাধ্যমের খবর দেখে তিনি (আইনজীবী) স্ব-প্রণোদিত হয়ে আদালতে মামলা করেছেন।
সার্বিক বিষয়ে জানতে অভিযুক্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Viewed 4800 times