August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি মোরশেদকে

ডেস্ক রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ প্রহরায় কাঠগড়ায় তোলা হয়।

তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৪ মে দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বাদী হয়ে এ মামলা করেন। এতে মোরশেদ আলমসহ তিনজনকে আসামি করা হয়।

মামলার অপর দুই আসামি হলেন- মোরশেদ আলমের ছেলে বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আলম এবং মোরশেদ আলমের ভাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

মামলার সূত্রে জানা যায়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কম্পানির এরিয়া অফিসের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম ও তার ভাই মো. জসিম উদ্দিনের মালিকানাধীন জমি কেনায় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকায়, তা গোপন করে অস্বাভাবিক দামে কেনার মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেছেন। এর আগে গত ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

Viewed 5550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!