September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

খুলনার কয়রা থানার ওসি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম এমদাদুল হককে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক অফিস আদেশে তাকে খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম।

এর আগে ১০ মার্চ ওসি এমদাদুল হককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে  ওসির বিরুদ্ধে সেবাগ্রহীতার সঙ্গে অসদাচরণ, ঘুষ বাণিজ্যের অভিযোগ করা হয়।

অন্যদিকে, সম্প্রতি উপজেলার ঘুগরাকাটি গ্রাম থেকে সামিরা (৬) নামে এক শিশু নিখোঁজের ঘটনায় ওসির কাছে সহযোগিতা চাইলে তিনি ‘নদীতে খুঁজতে বলে’ দায়িত্ব এড়িয়ে যান। গত ৯ দিনেও ওই শিশুর খোঁজ না পেয়ে এমদাদুল হককে প্রত্যাহারের দাবিতে গত বুধবার আবারও মানববন্ধন করে ভুক্তভোগীর পরিবার ও সহপাঠীরা।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় ওসির প্রত্যাহারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর ওসি হিসেবে কয়রা থানায় যোগ দেন এমদাদুল হক। গত ১৮ আগস্ট তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এর আগে তিনি এসআই ও ওসি তদন্ত হিসেবে এ থানায় দায়িত্ব পালন করেছিলেন।

অভিযোগের বিষয়ে জানাতে এমদাদুল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কয়রা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো. শাহ আলম বলেন, ওসি এমদাদুল হকের প্রত্যাহারের পর নতুন কাউকে সংযুক্ত করা হয়নি। এখন আমি দায়িত্ব পালন করছি।

Viewed 6100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!