একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে মরিয়া: সৈয়দ ফয়সল
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে।
বুধবার মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গণ মিছিলের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির সাবেক এই সভাপতি বলেন, জনগণ এবার বিএনপিকে দেশ পরিচালনায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ রুখতে পারবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি সংস্কার সব কিছু নিহিত আছে।
তিনি আরো বলেন, ১৯৯১ সালে বিএনপি দেশ পরিচালনায় আসার পর মাধবপুর চুনারুঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। যা এখনো বিদ্যমান। বিগত সরকারের আমলে অনেক মন্ত্রী এমপি আমাদের মত উন্নয়ন করতে পারেনি।
উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সেক্রেটারি হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সেক্রেটারি আলা উদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, বিএনপি নেতা, মোস্তাফা কামাল বাবুল, মাসুক মিয়া, হাজী ফিরোজ, যুবদল নেতা এনায়েত উল্লাহ, কবির খান চৌধুরি, মশিউর রহমান, আলমগীর কবির, রাসেল মিয়া।
Viewed 5050 times


