August 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭ মডেল স্কুল সরকারিকরণের দাবি

ডেস্ক রিপোর্ট : জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭টি মডেল স্কুলকে অবিলম্বে সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের প্রতিনিধিরা। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

শিক্ষকরা বলেন, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে ৩১৫টি মডেলস্কুল প্রতিষ্ঠা করেছিল, যেগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা ছিল। যেমন- কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল। পরে ২০১৫ সালে এই স্কুলগুলোকে উপজেলা পর্যায়ে সরকারিকরণের অগ্রাধিকার দেওয়া হয়। তবে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে ২৭টি স্কুল সেই তালিকা থেকে বাদ পড়ে।

জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জানান, এই স্কুলগুলো সরকারি সব শর্ত পূরণ করা সত্ত্বেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিভিন্ন সময়ে সরকারের কাছে স্মারকলিপি ও আবেদন জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি।

বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন, ২০১৬ সালে ১১৯টি মডেল স্কুল সরকারীকরণ করা হলেও পরবর্তী তালিকায় স্থানীয় সংসদ সদস্যদের প্রভাবের কারণে ২৭টি যোগ্য প্রতিষ্ঠান বাদ পড়ে। তিনি বলেন, সম্প্রতি নতুন ১১টি স্কুল সরকারি করা হয়েছে, যা বঞ্চনার শিকার এই ২৭টি স্কুলের প্রতি বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে।

সংবাদ সম্মেলন থেকে দুটি মূল দাবি জানানো হয়। এগুলো হলো- ১. অবিলম্বে ২৭টি মডেল স্কুলকে সরকারীকরণ করতে হবে; ২. এই প্রক্রিয়ায় যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা বৈষম্য না থাকে, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, তারা প্রধান উপদেষ্টা, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে স্মারকলিপি দিয়ে তাদের দাবি জানিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মোসাম্মাৎ রওশনারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজির উদ্দীন এবং অন্য নেতারা।

Viewed 5250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!