May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান

ডেস্ক রিপোর্ট : সেগুনবাগিচায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নিয়েছেন একদল মানুষ।

গতকাল রোববার মধ্যরাত থেকে ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করছেন। ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, ‘জুলাই রাজবন্দী’-সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে বিএনপি থেকে গতকাল রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।

সেখানে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝে ব্যানার বিছিয়ে বসে আছেন ৮-১০ জন। কিছুক্ষণ পর পর তাঁরা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন। পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন।

‘জুলাই রাজবন্দি’ নামে একটি সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সৈয়দ মাহাদী হাসান বলেন, ফজলুর রহমান জুলাইকে অবমাননা করেছেন। জুলাই বিপ্লবকে কালো শক্তি বলেছেন। আমরা তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তিনি (ফজলুর রহমান) যে দাম্ভিকতা দেখিয়েছেন তার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা গতকাল রাত থেকে এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না।

‎পুলিশ জানায়, সকাল থেকে জুলাই আন্দোলন করা কিছু লোক সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হয়। এসময় জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

‎এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ৮ থেকে ১০ জন ব্যক্তি অবস্থান নিয়েছেন। তাঁরা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পুলিশ সতর্ক অবস্থানে আছে।

Viewed 4750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!