May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ৩১১

ডেস্ক রিপোর্ট : ডেঙ্গুতে গত একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের তিনজন ঢাকার এবং দু’জন রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে মৃত্যু হয়ে ১১০ জনের।

আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি ৯ হাজার ৩৭০ জন রোগী বরিশাল বিভাগের, যা মোট রোগী ৩৩.৭২ শতাংশ। মৃত্যু বেশি হয়েছে ঢাকা মহানগরে, যা মোট মৃত্যুর ৫৭. ২৭ শতাংশ বা ৬৩ জন।

আক্রান্ত ও মৃত্যুর বয়সভিত্তিক হিসেব বলছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ১৬ থকে ৩০ বছর বয়সীরা। এই বয়সে মোট আক্রান্ত ১০ হাজার ২৩৫ জন যা মোট রোগীর ৩৬. ৮৪ শতাংশ। মৃত্যুও হয়েছে এই বয়সে বেশি যা মোট মৃত্যুর ২৮. ১৮ শতাংশ বা ৩১ জন।

গত একদিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১১২ জন, ঢাকার বাইরে সবোর্চ্চ ৮২ জন বরিশাল বিভাগের। এরপর ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৪২ জন করে, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে দুজন রোগীর তথ্য পাওয়া গেছে। রংপুর ও সিলেট বিভাগে কোন রোগীর তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ২৯৩ জন। এর মধ্যে ৮৫৩ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলা হাসপাতালে। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪৪০ জন।

মাস ওয়ারি হিসেবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ১৬১ জন, তাদের মধ্যে মৃত্যু হয় ১০ জনের। ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের। মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত ৫ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। জুলাইয়ে আক্রান্ত ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু ৪১ জনের। চলতি মাস আগস্টের এ পর্যন্ত আক্রান্ত ৬ হাজার ৮০২ জন ও মৃত্যু ২৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণে রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।

Viewed 4950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!