May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নর্দান টেরিটরির বিপক্ষেও প্রত্যাশিত রান এলো না

ডেস্ক রিপোর্ট : ভালো ওপেনিংয়ে জুটি পেয়েও টপ অ্যান্ড টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার ক্লাব নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে প্রত্যাশিত সংগ্রহ পায়নি বাংলাদেশ ‘এ’ দল। স্লগে ইয়াসির আলী ছোট্ট একটা ঝড় দেখালেও চাহিদা মিটিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন সেট ব্যাটার আফিফ হোসেন। যে কারণে ৪ উইকেটে ১৭২ রানে আটকে গেছে নুরুল হাসান সোহানের দল।

মঙ্গলবার ডারউইনে স্বাগতিক দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩.৩ ওভারে ৫৫ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ ‘এ’ দল। নাঈম শেখ ১১ বলে ছয়টি চারের শটে ২৩ রান করে আউট হন। পরেই ফিরে যান তিনে নামা সাইফ হাসান এবং ওপেনার জিসান আলম।

এর মধ্যে সাইফ ১০ বলে মাত্র ৩ রান করতে পারেন। জিসান ২৩ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। তিনি তিনটি চার  ও একটি ছক্কা মারেন। মিডল ও লোয়ার মিডলের পরের তিন ব্যাটারও রান পান। পাঁচে নামা অধিনায়ক সোহান ২৩ বলে ৩৫ রান করে ফেরেন। পাঁচটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

ইয়াসির রাব্বি ১৩ বলে দুই চার ও এক ছক্কায় ২২ রানের হার না মানা ইনিংস খেলেন। দলের পক্ষে আফিফ হোসেন সর্বাধিক ৪১ রান করলেও দলের প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। চারে নামা এই ব্যাটার ৪০ বলের মুখোমুখি হন। হার না মানা ইনিংস সাজান ৪টি চারের শটে। নর্দান টেরিটরির ডি আর্চি শট ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। টম মেনজিয়েস ২ উইকেট নিলেও ৪ ওভারে দেন ৪৩ রান।

Viewed 6050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!