September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাজাহানপুরে ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের-৫ সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি শাজাহানপুর,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতিতে ব্যবহৃত দুইটি ট্রাক ও গরু বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শাজাহানপুর উপজেলার দক্ষিণ ছোট মানিক এলাকার রফিজুলের ছেলে মো: দিদার (৩৪), একই এলাকার অহিদের ছেলে মো: আব্দুল মান্নান (২৩), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার লক্ষীপুর এলাকার সাফিজল ব্যাপারীর ছেলে মো: সোহেল (২৮), ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার সোনাপুর, ইন্দ্রনারায়নপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: জিয়াউর রহমান (৩৫) এবং ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মজিবুর রহমান মুজের ছেলে মো: জাফর হোসেন (৪৫)।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় প্রাণ ডেইরি ফার্মে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রেখে ৮টি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লাখ টাকা) এবং বিভিন্ন যন্ত্রাংশ (মূল্য প্রায় ১২ লাখ ১১ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত সম্পদের মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতি মামলা দায়ের হয়। মামলার তদন্তভার গোয়েন্দা শাখার হাতে গেলে তারা অভিযান চালিয়ে গ্রেপ্তারগুলো সম্পন্ন করে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের মধ্যে জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

Viewed 6150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!