নবমবারের মতো ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেবে এইচএসবিসি
ডেস্ক রিপোর্ট : দেশে নবমবারের মতো ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেবে বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান, কান্ট্রিহেড অফ কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার প্রমুখ।
এর আগে আটবার এ পুরস্কার দিয়েছে এইচএসবিসি বাংলাদেশ। এতে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বাংলাদেশের প্রবৃদ্ধির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন খাতের দেশি বা বহুজাতিক সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি জানাতে এ পুরস্কার দিচ্ছে এইচএসবিসি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বছরের সেরা রপ্তানিকারক হিসেবে চারটি ক্যাটাগরিতে এবার ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস্ ২০২৫’ দেওয়া হবে। এর মধ্যে রপ্তানিতে উৎকর্ষ তৈরি পোশাক শিল্প যাঁদের বার্ষিক আয় ১০ কোটি (১০০ মিলিয়ন) মার্কিন ডলার ও তার বেশি, তাঁদের মধ্য থেকে এই পুরস্কারের জন্য বাছাই করা হবে। একই সঙ্গে রপ্তানিতে উৎকর্ষ তৈরি পোশাকশিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ); যাঁদের বার্ষিক আয় ৫ কোটি (৫০ মিলিয়ন) ডলার বা তার বেশি, তাঁদের জন্য এই পুরস্কার।
এছাড়া রপ্তানিতে উৎকর্ষ (অসনাতন ও উদীয়মান ক্ষেত্র ম্যানুফ্যাকচারিং); যাঁদের বার্ষিক আয় ১ কোটি (১০ মিলিয়ন) ডলার বা তার বেশি, তাঁদের মধ্য থেকে এই পুরস্কারের জন্য বাছাই করা হবে।
রপ্তানিতে উৎকর্ষ (অসনাতন ও উদীয়মান ক্ষেত্র সার্ভিস); যাঁদের বার্ষিক আয় ৫০ লাখ (৫ মিলিয়ন) ডলার বা তার বেশি, তাঁদের মধ্য থেকে এই পুরস্কারের জন্য বাছাই করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয় এ পুরস্কারের প্রক্রিয়ায় অংশ নিতে কোনো মাশুল দিতে হবে না, আবার তাঁদের এইচএসবিসির গ্রাহকও হতে হবে না। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ সেপ্টেম্বর। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.business.hsbc.com.bd/EEA2025 ওয়েবসাইটে।
Viewed 6350 times