August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার


ডেস্ক রিপোর্ট :
সিলেটের গোয়াইনঘাট সীমান্তের ইছামতি নদীতে ভারতীয় চোরাই পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পর আজ রোববার বিকেল ৫টার দিকে ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বিজিবি সদস্য মাসুম বিল্লাহ গোয়াইনঘাটের সোনারহাট ক্যাম্পে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ইছামতি নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। একই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

জানা যায়, শনিবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সোনারহাট বিওপি এলাকায় টহলদল ভারতীয় সুপারি বহনকারী চোরাকারবারিদের একটি নৌকাকে চ্যালেঞ্জ করে। ওই সময় নৌকাটি বিজিবি সদস্যদের বহনকারী নৌকাকে ধাক্কা দেয়। এতে বিজিবির দু’জন সদস্য ইছামতি নদীতে পড়ে যান। এর মধ্যে একজন সাঁতারে তীরে উঠতে সক্ষম হন। তবে সিপাহী মো. মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে আজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতীয় চোরাই পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকাডুবিতে সিপাহী মাসুম বিল্লাহ নিখোঁজ হন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Viewed 5650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!