সীমানা পুনর্বিন্যাসঃবিক্ষুব্ধ বিজয়নগরবাসীর অবরোধ
ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসে বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন বাদ দেওয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে বিজয়নগর উপজেলার কয়েক হাজার জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন।
এসময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পায়তারা করা হচ্ছে।
এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবি করা হয়।
এসময় দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি সহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সীমানা পুনর্বিন্যাসের আগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন সদর ও বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। নতুন গেজেটে বিজয়নগরের তিনটি ইউনিয়ন—হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মধ্যে দেওয়া হয়েছে।
ওই ইউনিয়ন তিনটিকে আগের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মধ্যে রাখতে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন বিজয়নগর উপজেলার চার বাসিন্দা।
Viewed 4900 times