September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, ২ যুবক আটক

ডেস্ক রিপোর্টঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৩০ জুলাই) মধ্যরাতে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে প্রথমে আনসার সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটক দুই যুবক হলেন—সজিব দাস পার্থ (২১) ও মানিক মিয়া (২২)। সজিব দাস মৌলভীবাজার জেলার রাজনগর থানার রানেশ চন্দ্র দাসের ছেলে। অপরদিকে মানিক মিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ঈসাখালী গ্রামের আবুল বাশারের ছেলে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই রাতে সজিব দাস পার্থ চিকিৎসকের অ্যাপ্রোন পরে ২ নম্বর ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। সেখানে তিনি হুইলচেয়ারে বসা এক নারী রোগী—কুলসুম বেগমকে (৫৪) জোর করে দাঁড় করিয়ে হাঁটাতে চেষ্টা করেন। এতে হঠাৎ কুলসুম বেগম পড়ে গেলে সজিব ও তার সহযোগী মানিক মিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের নজরে এলে তারা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তারা নিজেদের চিকিৎসক পরিচয় দিলেও কোনো ধরনের পরিচয়পত্র বা ভিজিটিং কার্ড দেখাতে পারেননি। এ কারণে তাদের ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

 

পরে সজিব দাস পার্থের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সজিব পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেন পরিবারের সদস্যরা।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, আনসার সদস্যরা সন্দেহভাজনভাবে দুই যুবককে আটক করে আমাদের ক্যাম্পে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছি।

Viewed 7250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!