April 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিওএর নির্বাচন নভেম্বরে

ডেস্ক রিপোর্ট : আগামী নভেম্বরেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত বিওএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ৮৯ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভাপতি গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিমানের পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ‘বিওএর প্রধান কাজ হচ্ছে অলিম্পিক আন্দোলন জোরদার করার মাধ্যমে দেশ ও দেশের বাইরে ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহযোগিতা করা।’

বিওএ সভাপতি যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, প্রকৃত ক্রীড়াবিদ সব সময় সুনাগরিক হিসাবে গড়ে ওঠেন। কখনো তারা বিপথগামী হন না। তাই যুব ও তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা জরুরি। ব্যক্তিগতভাবে আমি নিজে এবং বিওএ সাধ্যমতো সেই চেষ্টা করে যাচ্ছে।’

সভাপতি আরও বলেন, ‘বিওএর বর্তমান গঠনতন্ত্র ২৫ বছর আগে আইওসি কর্তৃক অনুমোদনকৃত। এটি যুগোপযোগী ও হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গঠনতন্ত্রের একটি খসড়া প্রণয়ন করা হয়েছে।’

তিনি সভাকে জানান, ‘বিওএ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রায় ১৭৩ একর জমি এই প্রকল্প বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে।’

এজিএমে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত এবং ইতঃপূর্বে যেসব ক্রীড়াব্যক্তিত্ব ইন্তেকাল করেছেন, তাদের স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১২ কোটি ৪০ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বিওএর কার্যনির্বাহী কমিটিতে ‘বিওএ অ্য্যাথলেট কমিশন’ একজন সদস্যের অন্তর্ভুক্তি অনুমোদিত হয়েছে।

Viewed 4950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!